আইইডিসিআরের পরিচালকের ওপর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবার স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১ শাখা) ইমতিয়াজ হোসেন।
তাদের মধ্যে ইমতিয়াজ হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুস্পষ্ট পর্যবেক্ষণ, তথ্য-প্রমাণ, দায়দায়িত্ব নিরূপণ ও প্রয়োজনীয় সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে।
তদন্তের প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর বা এর আওতাধীন প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাদের কো-অপ্ট করতে পারবে কমিটি।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ইমতিয়াজ হোসেনের সই করা আদেশে কমিটি গঠনের কথা জানানো হয়েছে।