মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদন, সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে ১৪২ শতাংশ পর্যন্ত
বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
নতুন বেতনস্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বিকাল পাঁচটায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এই বৈঠক শুরু হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর কার্যকারিতা ধরা হয়েছে চলতি বছরের পহেলা জুলাই থেকে। অর্থাৎ জুলাই মাস হিসাবে ধরেই কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের সুবিধা পাবেন।
সশস্ত্র বাহিনীর জন্য আলাদাভাবে যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভায়।
বৈঠক শেষে সন্ধ্যায় পিআইডি সম্মেলনকক্ষে এ নিয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ থেকে ১১ পর্যন্ত একশো শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। আর সর্বনিম্ন গ্রেড বা ২০তম গ্রেডে বেতন বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত।
অষ্টম জাতীয় বেতন কমিশন গঠনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে।
নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে চলতি বছরের ২১শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করে এই কমিটি।
সরকারি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয়ের পরিমাণ আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি।