লাইভ, দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। তারিখ নির্ধারিত হয়নি''। অন্যদিকে নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরো জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. সাগরে লঘুচাপ, চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    সমুদ্রে মাছ ধরার নৌকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে (ফাইল ছবি)

    বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

    মঙ্গলবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এর ফল উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  2. হামের উপসর্গ নিয়ে নিয়ে একদিনে আরো ছয় জনের মৃত্যু

    ঢাকা শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ড
    ছবির ক্যাপশান, গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ছয়জন

    সারাদেশে গত ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ১৫৯ জনের শরীরে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭২ জন।

    মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলা হয়েছে, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮০ শিশুর। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এক লাখ ৩৯ হাজার ৫১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৪৫৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

  3. কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিস ভবনে লেপে দেওয়া হলো গেরুয়া রঙ

    আনন্দবাজার পত্রিকার অফিস ভবনের দেওয়ালে গেরুয়া রঙ করেন প্রতিবাদীরা

    ছবির উৎস, বিবিসির সংগৃহীত

    ছবির ক্যাপশান, আনন্দবাজার পত্রিকার অফিস ভবনের দেওয়ালে গেরুয়া রঙ করেন প্রতিবাদীরা

    মঙ্গলবার পহেলা সেপ্টেম্বর দুপুর নাগাদ হঠাৎই গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন হাজির হয় আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে। সেই ভিড়ের মধ্যে একজন গেরুয়া রঙ লেপে দেয় অফিস ভবনটির সামনের দেওয়ালে।

    সেই সময় পত্রিকাটির বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। সেই সময়ে পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকায় উপস্থিত থাকতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    এই ঘটনার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় ২১শে অগাস্ট প্রকাশিত শিরোনামের যোগাযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    ২০শে অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপির প্রতিবাদ মিছিল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। সেই ঘটনার পরের দিন আনন্দবাজার পত্রিকা শিরোনামে লেখে 'গেরুয়া গুন্ডামি'।

    ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রতীকে গেরুয়া রঙ রয়েছে।

    ওই শিরোনামের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    অন্য একটি সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে ২৮শে অগাস্ট শুভেন্দু অধিকারী বলেন, 'গেরুয়া তাণ্ডব শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না।'

    স্পষ্টতই তিনি আনন্দবাজার পত্রিকাকে উদ্দেশ করেই কথাগুলি বলছিলেন।

    এর পরেই আনন্দবাজার পত্রিকার সম্পাদককে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে অনেক আপত্তিজনক পোস্ট ছড়িয়ে পড়ে।

    এছাড়াও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করেছিল হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন

    পহেলা সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার অফিস ভবনের সামনে থেকে একজন বিক্ষোভকারী বক্তব্য রাখেন, "পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত হবে না।"

    তবে প্রতিবাদীরা বিজেপির সঙ্গে যুক্ত কিনা সেটি জানা যায়নি। আনন্দবাজার পত্রিকার তরফেও কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।

  4. এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ দেওয়াসহ ইসিতে জামায়াতের নয়টি দাবি

    বাংলাদেশের আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দলটির নির্বাচন পরিচালনা-সংক্রান্ত প্রতিনিধিদল এসব দাবি তুলে ধরে।

    বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। এসব বিষয়ে কমিশনের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করা হয়েছে”।

    জামায়াতের দাবিগুলো হচ্ছে- স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ, কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অযোগ্য করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক নিয়োগে আপত্তি, স্থানীয় নির্বাচনের প্রচারণায় এমপি মন্ত্রীদের সুযোগ না রাখা, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমকে পদ থেকে সরিয়ে দেওয়া।

  5. দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে।

    তিনি বলেন, “অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। তারিখ নির্ধারিত হয়নি”।

    মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একটি ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনার সময় ধরেন একটা ডেট সেট করবো। ৫ই অগাস্টের দিল্লির ঘটনা বাংলাদেশের মানুষকে হার্ট করছে। আমরা সেই বিষয়টি রেইস করেছি। আলাপ আলোচনা চলতেছে। যখন টাইমিং হবে তখন প্রধানমন্ত্রী ভারত সফর করবে। আমরা এখনো কোন ডেট সেট করি নাই”।

    যুক্তরাষ্ট্রের কাছ থেকে উড়োজাহাজ ক্রয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি. কবির বলেন, “কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই এসব উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে”।

  6. বাংলাদেশ ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

    বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই। দু’দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে,সেসব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

    মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

    দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে মি. ত্রিবেদী বলেন, “জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আমরা সবসময় চাই। আমরা যা সিদ্ধান্ত নিই, তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। সাধারণ মানুষের যেন ভালো হয়, সেজন্য আমাদের দায়িত্ব আছে”।

    তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আমাদের দেখতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ কী? বাংলাদেশেরও দেখতে হবে ভারতের কী চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে”।

  7. নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে

    পরিবারের নিখোঁজ সদস্যের খোঁজ পাওয়ার অপেক্ষায় থাকা কয়েকজন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, নেপালে পরিবারের নিখোঁজ সদস্যের খোঁজ পাওয়ার অপেক্ষায় অনেকে

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরো জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।

    ভোটেকোশি ও ত্রিশূলি নদীর বন্যায় নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা হচ্ছে।

    নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আজ সকাল ১১টা পর্যন্ত এক হাজার ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এখনো বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খোঁজে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

    রাসুয়া থেকে নওয়ালপরাসি পশ্চিম পর্যন্ত আটটি জেলায় মরদেহ পাওয়া গেছে। নদীর স্রোতে ভেসে যাওয়া সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, ৩২০টি।

    পুলিশ জানিয়েছে, নারায়ণী নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।

    মরদেহ কোথায় পাওয়া গেছে?

    • রাসুওয়া – ৩৮
    • নুয়াকোট – ১০৩
    • ধাদিং – ৫৬
    • চিতওয়ান – ৩২০
    • গোরখা – ৬৫
    • তানাহুন – ৩৮
    • নওয়ালপরাসি পূর্ব – ২১৬
    • নওয়ালপরাসি পশ্চিম – ১৬৯
    • ভারত – ৫

    সূত্র: নেপাল পুলিশ

  8. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:

    • আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এই ঘোষণা দেন তিনি।
    • নেপালের রাসুয়ায় নতুন করে আরেকটি হিমবাহ হ্রদ ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে। চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে নেপালি কর্মকর্তারা বিবিসিকে এই তথ্য জানিয়েছে।
    • নেপালের আকস্মিক বন্যায় মৃতদের অনেকের দেহ শনাক্ত করা যায়নি, যে কারণে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।
    • বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। নতুন বেতনস্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
    • রংপুরের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যা মামলায় আটককৃত দুইজন আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি।
    • স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে